উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন বিকেলে

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৬:৩৪

জাতীয় সংসদের শূন্য হওয়া ৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা সেটা জানা যাবে আজই। আজ রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কথা রয়েছে। দলের শীর্ষ নেতারা জানান, সৎ, গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীরা এগিয়ে থাকবেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ সহ পাবনা-৪ ও নওগাঁ-৬ স্ব স্ব আসনের সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হয়। এই আসনগুলোতে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড় ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে এরই মধ্যে মনোনয়ন ফরমও বিতরণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

৫টি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা-১৮ আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফরম তোলায় বিস্মিত আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম।

ইত্তেফাক/এসআই