সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
গত ২রা এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা-৪ আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক ভুমিমন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পাবনা-৪ আসনকে শূন্য ঘোষণা করা হয়।
আরো পড়ুনঃ উপনির্বাচনে অংশ নিবে বিএনপি
বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডিস্থ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গত ১৭ই আগস্ট সোমবার হতে ২৩ শে আগস্ট রবিবার পর্যন্ত এই আসনের মনোনয়ন ফরম গ্রহণ ও জমা নেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ২৮ জন প্রার্থী ফরম গ্রহণ করেন। মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে প্রার্থী, নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যে গত কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা ছিল। কে হচ্ছেন নৌকার প্রার্থী। নির্বাচনী বোর্ডের মনোনয়নের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে উত্তেজনার অবসান ঘটলো।
এদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৩ সেপ্টেম্বর বাছাই এবং ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ। বাকি ৪ আসনের বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সভার পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী সময়ে সভানেত্রী সিদ্ধান্ত দেয়ার পর তা জানানো হবে।
ইত্তেফাক/এমএএম

