বোতলে সেভেন আপ, হাইস্পিড ও বোরোর লেভেল আটা। বিভিন্ন স্থানে এসব কোমল পানীয় বিক্রি করা হতো। এর সবগুলোই নকল। আর এসব পান করে মানুষের অসুস্থ হওয়ার শঙ্কা রয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে ১৫ হাজার ৬২৫ বোতল নকল কোমল পানীয় উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।সোমবার সকালে মহেশপুর উপজেলার আলামপুর গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে একটি চক্র নকল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় একটি বাড়ির গোয়াল ঘর, পাশের হলুদ ক্ষেত ও বাজারের একটি গুদাম থেকে ২৫ বস্তা ভর্তি ১৫ হাজার ৬২৫ বোতল নকল কোমল পানীয় উদ্ধার করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে।
নকল কোমল পানীয়ের বোতলে সেভেনআপ, হাইস্পিড ও বোরোর লেভেল আটা আছে। বিভিন্ন স্থানে এসব নকল কোমল পানীয় বিক্রি করা হতো। এসব পান করে মানুষের অসুস্থ হওয়ার শঙ্কা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
