গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন মোট চার হাজার ২৮১ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন।
সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। এতে মোট সুস্থ হলেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। দেশে ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
ইত্তেফাক/জেডএইচ
