চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো: হাসান (১৯) চমকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিহতের ভাই আবদুর রহিম সাংবাদিকদেরকে জানান।
সড়ক দুর্ঘটনায় অপর ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। নিহত মো: হাসান লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা এলাকার নুরুল করিমের ছেলে। আহতরা হলেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার আহমাদুর রহমানের ছেলে মো: শোয়াইব (৩৫), একই ইউনিয়নের আতিয়ার পাড়ার মোক্তার আহমদেও ছেলে মো: আরিফ (১৫) এবং চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডেও একরামুল হকের ছেলে মো: রাশেদ (৩৮)।
আরো পড়ুনঃ`আদালত অবমাননার সাজা এক টাকা, অনাদায়ে তিন মাসের জেল!'
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উক্ত স্থানে চট্টগ্রাম শহর মুখী সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১ টার দিকে চমকে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো: ইয়াছির আরাফাত সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমএএম
