ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা শেষে এবার বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমোউরের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বার্সেলোনা ভিত্তিক স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মুন্ডো দেপোর্তিভো এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ওইদিনই হয়তো নির্ধারিত হবে মেসির ভবিষ্যৎ। বার্সেলোনায় থাকবেন, নাকি বার্সা ছেড়ে যাবেন- নিশ্চিত হবে সেদিনই। তবে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে মেসি অনড়। আর তাই ক্লাবটার প্রি-সিজন কার্যক্রমের অংশ হননি আর্জেন্টাইন সুপারস্টার।
বার্সেলোনা ছাড়বেন মেসি। গেল সপ্তাহে এমন আভাস দিয়েছিলেন ক্লাবটির তারকা ফুটবলার লিওনেল মেসি। ব্যুরো ফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা কর্মকর্তাদের ন্যু ক্যাম্প ছাড়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান মেসি। এরপর অনেকটাই নিশ্চিত হয়ে যায়, বার্সেলোনার জার্সিতে আর দেখা যাবে না বিশ্বসেরা এই ফুটবলারকে।
তার এই সিদ্ধান্তের পর জলঘোলা হয়েছে অনেক। বিক্ষোভ হয়েছে বার্সেলোনায়। মুষড়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা। তাকে ক্লাবে রাখতে স্বয়ং বার্সা সভাপতি বার্তেমোউ পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তবুও সিদ্ধান্তে অনড় থাকেন মেসি। এরমধ্যে মেসির রিলিজ ক্লজ নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ নির্ধারিত মেসির। এই ইস্যুতে মেসিকে সতর্ক করেছে লা লিগা কর্তৃপক্ষ। স্পেন ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করেই যেতে হবে এই ফুটবল বিস্ময়কে।
নতুন মৌসুমে হাওয়া বইতে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলে। কোভিড সতর্কতার হিসেবে এখন নিয়মকানুন বেশ আলাদা। প্রি-সিজন ক্যাম্পে যোগ দেয়ার আগে খেলোয়াড়দের হচ্ছে করোনা পরীক্ষা। তবে রবিবার (৩০ আগস্ট) বার্সার মেডিক্যাল টেস্ট দেননি দলের ক্যাপ্টেন লিওনেল মেসি।
নতুন কোচ রোনাল্ড কোম্যান শুরু করছেন ট্রেনিং। তবে বার্সার ট্রেনিং গ্রাউন্ডে নয়, মেসির চোখ এখন ম্যানচেস্টারে। ইতিহাদ থেকে তার জন্য এসেছে পাঁচ বছর চুক্তির প্রস্তাব, সেটা অনুযায়ী বছরে তাকে ৯০ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক দেয়ার কথা আছে। তবে প্রস্তাব অনুযায়ী অন্যান্য বোনাস মিলিয়ে বার্সার চেয়ে বেশিই আয় করবেন এমএলটেন।
কিন্তু আসল সমস্যারই মীমাংসা হয়নি এখনো। বার্সার কাছ থেকে ফ্রি ট্রান্সফারে মেসিকে চায় ম্যানসিটি। বুরোফ্যাক্সে মেসিও নিজের একই ইচ্ছার কথা জানান। কিন্তু চুক্তির মারপ্যাচ দেখিয়ে কাতালান ক্লাবটা বলছে, ৭০০ মিলিয়ন ইউরো মিললেই কেবল মেসিকে যেতে দেবে তারা। বার্সেলোনার এই অবস্থানে সমর্থন জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
ইউরোপের গণমাধ্যগুলো বলছে, বার্সা প্রেসিডেন্টের সঙ্গে বুধবার (২ সেপ্টেম্বর) আলোচনায় বসছেন মেসির বাবা হোর্হে মেসি। সহজ পথে মেসির বার্সা ছাড়ার ব্যাপারটা নিশ্চিত করার পক্ষে সিনিয়র মেসি। অন্যদিকে বার্সা প্রধানের টার্গেট, মেসিকে ধরে রাখা।
এলএমটেনকে নিয়ে বার্সা-সিটি টানাটানির মধ্যে বারবার আসছে নিজের ঘর আর্জেন্টিনায় ফিরে যাওয়ার আহ্বান। শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে যাওয়ার কথা মেসিও বলেছিলেন কয়েকবার। সেই আহ্বান এবার এসেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফারনান্দেজের পক্ষ থেকে। তবে ৬০০'র বেশি গোল করা, ছয় ব্যলন ডি অর জেতা ৭০০ মিলিয়ন ইউরোর মেসি নিশ্চয় এখনই তেমন অবস্থায় যাননি।
মুন্ডো দেপোর্তিভো জানায়,ক্লাব সভাপতি বার্তেমোউ'র সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ হচ্ছে মেসির বাবা হোর্হে মেসির। দু'জনই সম্মত হয়েছেন বুধবার একসঙ্গে বৈঠকে বসতে। আর সেখানেই মেসির ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এসআই
