ইসরাইলের সঙ্গে ‘যুদ্ধবিরতি’ চুক্তি করল হামাস

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩

গত কয়েক সপ্তাহ ধরে চলে আসা সংঘাতের অবসান ঘটাতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইল। এরই ধারাবাহিকতায় কাতারে হামাস ও ইসরাইলের মধ্যে ‘যুদ্ধবিরতি’ চুক্তি সম্পন্ন হয়েছে।

সোমবার এক বিবৃতিতে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের কার্যালয় থেকে জানানো হয়, যুদ্ধবিরতির ফলে গাজা উপত্যকার ওপর বিমান হামলাসহ সব ধরনের হামলা বন্ধ হবে। ফলে হামাস যেসব আগুনে বেলুন দিয়ে হামলা চালাত সেগুলোও বন্ধ হবে।

আরও পড়ুন: পুরোদমে ক্লাসে ফিরেছে চীনের শিক্ষার্থীরা

বিবৃতিতে আরও জানানো হয়, কাতারের দূত মোহাম্মাদ আল-এমাদির সঙ্গে আলোচনার ফলে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। যার ফলে ইহুদিবাদী ইসরাইল আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করবে।

চুক্তির বিষয়ে ইসরাইল বলছে, শান্তি ও নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবব। তবে হামাস যদি যুদ্ধবিরতি মেনে চলতে ব্যর্থ হয় তাহলে ইসরাইলও অনরূপ ব্যবস্থা নেবে। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই