বিনোদন রিপোর্ট
মাত্র কিছুদিন আগেই সংবাদ সম্মেলণের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স-এর কর্ণধার জানিয়েছিলেন নিজেদের সংকটের কথা। তার কদিন বাদেই গতকাল ১ সেপ্টেম্বর তাদের সবচেয়ে বড় চেইন মাল্টিপ্লেক্স বন্ধ ঘোষণা করলেন। প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘বসুন্ধরা শপিং সেন্টারে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি প্রায় চুড়ান্ত। তবে এর কারণ, মহামারি বা দর্শক সংকট নয়।’ তিনি বলেন, ‘মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পেয়েছি আমরা। এবছর অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল আমাদের। এবার সেটি আর নবায়ন হচ্ছে না। সেক্ষেত্রে ফ্লোর মালিক যদি আমাদের ভাড়া না দেন, তাহলে তো আর কিছু করার থাকে না। আমরা ছাড়তে বাধ্য।’
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম শুরু হয় বসুন্ধরা সিটি থেকে। মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘আমরা আরও অনেক মাল্টিপ্লেক্স করেছি এই শহরে। তবে এটাই ছিল আমাদের সবার প্রাণকেন্দ্র। কিন্তু দিন শেষে আমরা তো ভাড়াটিয়া। মালিকপক্ষ যখন আমাদের নোটিশ দেয় ছাড়ার, তখন সেটা তো মানতেই হবে। তবে আমরা বসুন্ধরা থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটা নিশ্চয়ই ধরে রাখবো অন্য হলগুলোর মাধ্যমে।’
ঝিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ার-এ রয়েছে তাদের বাকি শাখা। এর পাশাপাশি আরেকটি মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে মিরপুর সনি সিনেমা হলকে ঘিরে। এই দুঃসংবাদ নির্মাতাদের জন্য আরো একটি বড় ধাক্কা বলে অনেকেই মতামত দিয়েছেন।
