করোনাকে পাত্তা দিচ্ছেন না সৌরভ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস মহামারিতে এখনো কাঁপছে বিশ্ব। এর মধ্যেই আরব আমিরাতে নানা সতর্কতা মেনে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। আর এই টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় বোর্ড সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন, করোনা ভাইরাস ছোটখাটো ধাক্কা। আর এই ধাক্কা সামলে সর্বোচ্চ টিভি দর্শক আশা করছেন তারা আইপিএলে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন বক্তৃতায় সৌরভ বলেছেন, ‘এটি স্রেফ একটি ভাইরাস, যা এর মধ্যেই দুর্বল হতে শুরু করেছে এবং আমরা আশা করছি এটি কাটিয়ে উঠব। আমাদের জীবনে এরকম ছোটখাটো ধাক্কা আসেই, এসব পেরিয়ে যেতে হবে। খুব সহজেই আমরা এবারের আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মানবশক্তি এবং এ কারণেই সব কঠিন সময় আমরা পেরোতে পেরেছি।’

সৌরভ বলেন যে, মানুষের ফিরে দাঁড়ানোর ক্ষমতাই তাদের এই ভাইরাসের বিপদ থেকে বের করে আনবে, ‘আপনি-আমি, আমরা সবাই মানব প্রজাতি এবং আমাদের এটুকু বলার মানসিকতা থাকতে হবে যে, ‘জেনে রাখো, মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হলে তারা ঠিকই স্বাভাবিক জীবনে ফেরার পথ খুঁজে নেবে।’ আমার মনে হয়, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ আইপিএল আয়োজনও এই ভাবনার অংশ বলে জানালেন সৌরভ। তারা আসলে এই অবস্থায়ই নতুন স্বাভাবিক জীবনে আসতে চেয়েছেন, ‘এটি আসলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার একটি চেষ্টা। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আরো অন্তত পাঁচ-ছয় মাস এই অবস্থা চলবে এবং আমি নিশ্চিত, এরপর সবকিছু এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে।’ করোনা ভাইরাস পরিস্থিতির কারণেই এবারের আইপিএলে মাঠে থাকবে না দর্শক। তবে এটিরও একটি ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন আয়োজকরা। মাঠে দর্শক থাকবে না বলেই টিভির সামনে রেকর্ডসংখ্যক দর্শকের আশা করছে ব্রডকাস্টাররা, জানালেন সৌরভ, ‘দর্শক এবার খেলা দেখবে টিভিতে। সত্যি বলতে, তারা (ব্রডকাস্টাররা) এবার সর্বোচ্চ টিভি রেটিংয়ের আশা করছে। তাদের বিশ্বাস, লোকে যখন মাঠে যেতে পারছে না, তখন টিভিতে আরো বেশি করে চোখ রাখবে। সবকিছুরই তাই ইতিবাচক দিক আছে।’