স্পোর্টস ডেস্ক
চলতি বছরে যেমন খেলছেন নোভাক জকোভিচ, তাতে ইউএস ওপেনে নিজের উদ্বোধনী ম্যাচে না জিতলে বড় অঘটনই হতো। সেটা হতে দেননি সার্ব তারকা, বরং দামির জমহুরকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েই শুভসূচনা করেছেন তিনি।
মঙ্গলবার সকালে ফ্ল্যাশিং মিডোয় শুরু থেকেই ছিল জকোভিচ-দুরন্তপনার উপস্থিতি। ৬-১ ব্যবধানে প্রথম সেটটা জিততে নেন মোটে ২৪ মিনিট। তবে এরপরই যেন কিছুটা ছন্দপতন হয় তার। দ্বিতীয় সেটের চতুর্থ গেমে হেরে বসেন, পরের গেমেও তিনটি ব্রেক পয়েন্ট হারান তিনি। ফিরে এসে অবশ্য এরপরই ৬-৪ গেমে সেটটি জিতে নেন ‘জোকার’। ১৮তম গ্র্যান্ডস্ল্যামের খোঁজে থাকা জকোভিচ শেষ সেটটিও ৬-১ ব্যবধানে জিতে অনায়াস জয় তুলে নেন।
এমন জয়ের পরও প্রতিক্রিয়ায় দ্বিতীয় সেটের ছন্দপতন নিয়েই বেশি বললেন জকোভিচ। তার ভাষ্য, ‘বিষয়টা কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার জন্যে। মনোযোগ হারিয়ে ফেলেছিলাম আর সে (জমহুর) সেটা দারুণভাবে কাজে লাগিয়েছিল।’
দ্বিতীয় পর্বে ৩৩ বছর বয়সি তারকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কাইল এডমুন্ডকে। সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম আর ইউএস ওপেনে দ্বিতীয় লড়াইকে সামনে রেখে যথেষ্ট সাবধানী জকোভিচ। প্রতিপক্ষকে নিয়ে তার মূল্যায়ন, ‘তার সার্ভ আর ফোরহ্যান্ড দারুণ, এগুলো তার বড় অস্ত্র। উইম্বলডনে তার বিপক্ষে বেশ ভালো কিছু ম্যাচ খেলেছি আমি, কয়েক বছর আগে কঠিন একটা চার সেটের ম্যাচ খেলেছি। বড় মঞ্চের চাপ সে অনুভব করে না। এখানে পরিস্থিতি ভিন্ন কিন্তু সে চ্যালেঞ্জ পছন্দ করে।’
রজার ফেদেরার আর রাফায়েল নাদালরা নেই এবারের ইউএস ওপেনে। তাদের অনুপস্থিতিতে শেষ রাউন্ডগুলোতে জকোভিচের বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন আলেক্সান্দার জেরেভ আর স্টেফানোস সিটসিপাস। দুজনেই গতকাল সকালে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন।
নারী এককে নাওমি ওসাকা, কেরোলিন প্লিসকোভা ও অ্যাঞ্জেলিক কেরবার নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন।
