সিলিন্ডার গ্যাসের দাম এত!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে না। ৬০০ টাকার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। অগ্নি-নির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি-মনোহরি, কোকারিজ, হার্ডওয়ার ও ইলেকট্রনিক্স দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার! এতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঝুঁকিতে রায়গঞ্জবাসী। জানা যায়, উপজেলার বেশ কয়েকজন গ্যাস সিলিন্ডার ডিলার রয়েছেন। তাঁদের ছাড়া নেই কারো অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। সরকার নির্ধারিত সাড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ৬০০ টাকা। বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে জানতে চাইলে খুচরা বিক্রেতারা বলেন, ‘ডিলারদের কাছ থেকে যেভাবে ক্রয় করি আমাদের সেইভাবেই বিক্রি করতে হয়।’ এদিকে ডিলাররা বলেন, ‘কোম্পানির কাছ থেকে বেশি দামে কিনি, যে কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হয়।’ এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ জানাই।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ