বংশাই বাইপাস সড়ক
মীর আনোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর পৌরসভার বংশাই রোডে ২০০ মিটার রাস্তায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। মঙ্গলবার দেখা গেছে, কয়েক ঘণ্টার বৃষ্টিতে পৌরসভার অধিকাংশ রাস্তা জলাবদ্ধ হয়ে পড়েছে।
বংশাই রোডের ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা মো. মোস্তাক আহমেদ অভিযোগ করেন, কালীবাড়ি রোড থেকে মির্জাপুর বাইপাস ও বাইপাস থেকে ত্রিমোহনী-বংশাই রোডের করুণ দশা। মূল সড়ক থেকে এ রাস্তাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি আবার কখনো কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে এই রোডে একটি স্থায়ী ড্রেনেজব্যবস্থা ও রাস্তা উঁচু করার উদ্যোগ নেওয়া হলেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। পৌরসভার ভেতরে ২০০ মিটার রাস্তার উন্নয়ন না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।
মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, বংশাই রোডের উন্নয়ন ও ড্রেন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে কাজ করা হবে। মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে বলেন, রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রকল্প তৈরি ও বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এডিবি, জাইকা ও বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বেশকিছু প্রকল্পের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বরাদ্দ এলে অবহেলিত বংশাই রোডের কাজ দ্রুত শেষ করা হবে।
