ঘন ফাঁসের জালে মাছ শিকার
আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরের মিরাট ইউনিয়নে অবৈধ সুতি জালে মাছ শিকার করায় দিন দিন কমছে দেশি প্রজাতির মাছ। এই সুতির জাল দিয়ে ছোট-বড় কোনো মাছই বের হতে পারে না। যার কারণে অনেক প্রজাতির মাছ আজ বিলীন হওয়ার পথে। সরেজমিনে জানা গেছে, উপজেলার বিল মুনছুর, বিল চৌরসহ কয়েকটি বড় বড় বিল এবং শ্রীমতখালী, কাটাধর ও বড়ধর নামের কয়েকটি খালও অবস্থিত এই ইউনিয়নে। এসব বিল ও খালের পানি নিষ্কাশনের জন্য রাণীনগর থেকে মিরাট রাস্তার তিনটি স্থানে স্থাপন করা হয়েছে স্লুইস গেট। প্রতি বর্ষায় এই তিনটি স্লুইস গেটে অবৈধ ও নিষিদ্ধ সুতির জাল দিয়ে মাছ শিকার করে আসছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। আর এতে ক্ষতির মুখে পড়েছে বিলের আশপাশে বসবাসরত কয়েক শ মত্স্যজীবীরা। মিরাট গ্রামের মত্স্যজীবী রহিম, জব্বারসহ অনেকেই অভিযোগ করে বলেন, এই সূতি জালের কারণে মাছ বিল ও খাল থেকে অন্য কোনো স্থানে যেতে পারে না। যার কারণে মাছ অন্য কোনো স্থানে বংশ বিস্তার করতে পারে না। তাই বর্তমানে ছোট-বড় খাল-বিল কিংবা উন্মুক্ত জলাশয়ে আগের মতো আর মাছ পাওয়া যায় না। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি অনুমতি দিলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, অতিদ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
