ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে মঙ্গলবার বজ্রঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরিফ হোসেন (১৮)। সে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুরে মঙ্গলবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইনতাদুল (২৮)। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সাদেক আলীর ছেলে।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, সরিষাবাড়ীতে মঙ্গলবার বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাবর আলী (৪৫)। এতে অপর দুই জনকে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে মঙ্গলবার বজ পাতে জাকারিয়া ইসলাম নয়ন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তার বাবা সিরাজুল ইসলাম।
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শফিকুজ্জামান বলেন, ঘটনার সময় জাকারিয়া ইসলাম নয়ন তার বাবাসহ বাড়ির পাশে চড়কাবাড়ি গ্রামে জমিতে কাজ করছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে মঙ্গলবার বজ পাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর (৩২)। সে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরচাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
