বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নিজেই গণতন্ত্রের জন্য বাধা।’ গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিবের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ’—এ সম্পর্কে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন অগ্রাধিকার পাবে। তিনি জানান, ইতিপূর্বে সব মন্ত্রণালয় এবং দপ্তরে পত্রপত্রিকার বিল ছাড় করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাগিদপত্র দেওয়া হয়েছিল এবং সেটির আলোকে তথ্য মন্ত্রণালয়ও একটি তাগিদপত্র দিয়েছিল, কিছু বিল ছাড়ও হয়েছিল; কিন্তু বকেয়ার তুলনায় ছাড়ের পরিমাণ নগণ্য হওয়ায় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরকে আবার তাগিদপত্র দেওয়া হবে। তথ্যসচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান অংশ নেন।
