ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অনলাইনে গৃহকর নেবে ডিএনসিসি। এ বছর ৪০০ কোটি টাকা গৃহকর এবং ১০০ কোটি টাকা ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। গতকাল মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে অনেক বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এগুলো সম্পূর্ণ বেআইনি। যারা এ রকম করেছেন তাদের ট্যাক্সের আওতায় আনতে হবে। অভিযান উদ্বোধনের পর মেয়র বছিলায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, সুপারশপ, আবাসিক ভবন ইত্যাদি পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকা, সড়কে মালামাল রাখা, অবৈধভাবে বিজ্ঞাপন প্রচারের দায়ে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজালাল বেকারি, সুপারশপ স্বপ্ন, ভিশন ইলেকট্রনিকস, পারটেক্স ফার্নিচার, মির সিরামিক, কাই অ্যালুমিনিয়াম।
