২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত কমেছে বেড়েছে মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবারের চেয়ে গতকাল ২২৪ জন কম শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ৪৬ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ।                 আগের দিন এই হার ছিল ২০ দশমিক ১৯ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন। সোমবারের চেয়ে গতকাল ২১০ জন বেশি সুস্থ হয়েছেন। সোমবার সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৫ দশমিক ৪৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৬৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। সোমবারের চেয়ে গতকাল দুই জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩১৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৮১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৮৯ জনের। সোমবারের চেয়ে গতকাল ১০৮টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২০৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৪৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২৪৫টি কম নমুনা পরীক্ষা হয়েছে।