চার দিন ধরে মধুমতী নদীতে নিখোঁজ ছয় মাস বয়সি শিশু আনাসের লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া এলাকায় মধুমতী নদীতে আনাসের লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আনাস পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান মোল্লার ছেলে। গত শুক্রবার বিকালে লোহাগড়ার কালনা ঘাট থেকে লোহাগড়ার চাচই গ্রামের আবু মুসা স্ত্রী ও ছেলেকে নিয়ে নৌভ্রমণে বের হন। সন্ধ্যায় কালনা ঘাটের কাছে এসে তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি নির্মাণাধীন মধুমতী সেতুর মাঝের শিটপাইলের সঙ্গে আঘাত লাগে। এতে ট্রলারের ওপর শিশুপুত্রকে নিয়ে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আবু মুসা ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। নিখোঁজের দুই দিন পর গত রবিবার আবু মুসা রেজওয়ান মোল্লার লাশ মহিষাপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
