পত্রিকা-টিভির অনলাইন নিবন্ধনের নির্দেশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নীলনকশা -------------- টিআইবি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫

জাতীয় সম্প্রচার কমিশন এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তার আগেই দেশের সব অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকা ও টেলিভিশনের অনলাইন সংস্করণসমূহ পৃথকভাবে নিবন্ধন করতে তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ সংবাদ-মাধ্যমের ওপর সরকারের সর্বাত্মক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ নিশ্চিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই নির্দেশ মূলত গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের দীর্ঘদিনের অপচেষ্টা বাস্তবায়নের পথে আরো এক আত্মঘাতী পদক্ষেপ।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবিধান স্বীকৃত অবাধ তথ্য প্রবাহ ও মত প্রকাশের অধিকার নিশ্চিতে যেখানে গণমাধ্যমগুলোকে আরো শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করাটাই                  প্রত্যাশিত, সেখানে আমরা দেখতে পাচ্ছি, সরকার অবাধ তথ্য প্রবাহের সাংবিধানিক অধিকার হরণকে আইনি কাঠামোর অধীনে নিয়ে আসার একের পর এক উদ্যোগ নিচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, করোনা মহামারির সংকটকালে যখন গণমাধ্যমগুলো টিকে থাকার লড়াইয়ে, তখন খসড়া অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত না করেই তাড়াহুড়ো করে নিবন্ধনের এই নির্দেশ রাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন প্রচেষ্টার নিদর্শন। তাই তাড়াহুড়ো না করে, সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে উন্মুক্ত আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতেই এ ধরনের স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে টিআইবি আশা করে।