সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিখিলবিশ্ব আহমদিয়া খলিফার তীব্র নিন্দা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৮

সম্প্রতি সুইডেনের মালমো শহরে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের রোমহর্ষক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিখিলবিশ্ব আহমদিয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান।

গত শনিবার (২৯ আগস্ট) আহমদিয়া মুসলিম জামা’ত সুইডেনের জাতীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী) সাথে ভার্চুয়াল (অনলাইন) সভার সময় এ “বিদ্বেষপূর্ণ ঘটনা”-য় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে প্রত্যুত্তর দেওয়ার আহ্বান জানালেন হজরত মির্যা মসরূর আহমদ (আই.)।

তিনি বলেন, “সত্য এই যে, সুইডেন এবং অন্যান্য পাশ্চাত্য দেশের মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অনবহিত। আর এটি চরমপন্থীদের সুযোগ করে দেয় যে, তারা পবিত্র কোরআনের কোন আয়াতকে অপ্রাসঙ্গিকভাবে উদ্ধৃত করে নিজেদের মিথ্যা প্রোপাগান্ডার জন্য ব্যবহার করে। যে সকল মানুষ এমন বিদ্বেষপূর্ণ ক্রিয়ায় অংশ নেয় তাদের ইসলাম সম্পর্কে অথবা পবিত্র কোরআনে জিহাদের জন্য বেঁধে দেয়া প্রকৃত শর্তাবলী সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারা এ বিষয়টিকে উপেক্ষা করে যে, বাইবেলে এমন আরো অধিক সংখ্যক আয়াত রয়েছে যেগুলোকে অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করে বল প্রয়োগের যথার্থতা সাব্যস্ত করা যায়।

আহমদিয়া সদস্যদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আহমদিদের কর্তব্য, তারা যেন ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ শিক্ষাকে প্রতিটি শহরে-গ্রামে পরিচিত করেন এবং এর উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেন, যেন মানুষ ধর্মের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে।”