প্রয়াত আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের আসনে উপনির্বাচনে মনোনয়ন পেতে শতাধিক নেতাকর্মীকে নিয়ে দলের ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন নৌকার মনোনয়নপ্রত্যাশী নাজমা আক্তার। পাঁঁচটি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৪১ জনের মধ্য ঢাকা-১৮ আসন থেকেই মনোনয়ন কিনেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমাসহ ৫৬ জন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮ সহ বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এর মধ্যেই ঢাকা-১৮ আসন থেকে হাবীব হাসান মনোনয়ন পেয়েছেন বলে মঙ্গলবার গুঞ্জন শুরু হলে নাজমা আক্তার দলবল নিয়ে সভানেত্রীর কার্যালয়ে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গেলে যুব মহিলা লীগের কয়েক জন নেত্রী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর থেকে কয়েক শ নেতাকর্মী নিয়ে সেখানেই অবস্থান করছেন নাজমা আক্তার। ‘টাকা খাওয়া দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘হাবিব হাসানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নাজমা আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান দেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়ে এমন স্লোগানের ঘটনা ঘটে।
