পিকে হালদারের প্রতিষ্ঠান

এসটিএলের ব্যাংক হিসাব খুলে দিল বিএফআইইউ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

এসটিএলের ব্যাংক হিসাব খুলে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে) হালদারের সুবিধাভোগী প্রতিষ্ঠানের মধ্যে সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএল ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ অন্যতম। পি কে হালদারের অপকর্মে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনেকেরই ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করেছিল বিএফআইইউ।

সম্প্রতি তদন্ত থেকে অব্যাহতি চেয়ে দুদকে আবেদন করেছে এসটিএলের ব্যবস্থাপনা পরিচালক জামালউদ্দিন আহমেদ চৌধুরী। আবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স থেকে এসটিএল-এর অনুকূলে ঋণ গ্রহণ করা হয়। সে ঋণের কিস্তি নিয়মিত দেওয়া হচ্ছে। আর বকেয়া অর্থও গত মাসের ১৯ তারিখ দেওয়া হয়েছে। এমতাবস্থায় এ প্রতিষ্ঠানকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত দুদক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।