কে এই ইমরান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

প্রধানমন্ত্রীর প্রকল্প মূল্যায়ন কমিটির মুখ্য পরামর্শক হিসেবে পরিচয়দানকারী ড. এম এম বোরহানউদ্দিন ইমরান। এই নামে একটি ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন তিনি; কিন্তু প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর জন্য এ ধরনের পরমর্শকের কোনো পদ নেই এবং ইমরান নামে কাউকে এ পদে নিয়োগের প্রশ্নও অবান্তর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ হারুন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী গতকাল ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি একজন প্রতারক। ভিজিটিং কার্ডে ব্যবহূত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গতকাল মঙ্গলবার ইমরান এসেছিলেন ঢাকা ব্যাংকের কাওরান বাজার শাখায়। শাখার ম্যানেজারের সঙ্গে সাক্ষাত্কালে তিনি জানান, এই ব্যাংকের মাধ্যমে একটি ফ্ল্যাট ক্রয়ের লেনদেন করবেন তিনি। এ বিষয়ে ব্যাংক ম্যানেজারের সহযোগিতা প্রার্থনা করেন তিনি। ব্যাংক সূত্রে জানা গেছে, ইমরানের ঢাকা ব্যাংক ধানমন্ডি শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে।