লালবাগ কেল্লায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১

পুরান ঢাকার লালবাগ কেল্ল­ায় দর্শনার্থীদের কাছ থেকে টাকা, ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—রুহুল আমিন রিজভী, জিসান হোসেন অপি, আতিক হোসেন ওরফে চিকেন ও আজহার উদ্দিন ওরফে অমিত। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ক্যামেরা ও মোবাইল উদ্ধার করা হয়। গত রবিবার তাজিয়া মিছিল থেকে লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মালামাল ছিনতাইয়ের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, গত ৩০ আগস্ট সকাল ১১টার দিকে সাগর, আবেদ ও বাপ্পি নামে তিন জন এসেছিলেন লালবাগ কেল্ল­ায় ঘুরতে। ঐ সময় লালবাগ কেল্ল­ার প্রবেশ গেটের পাশে হঠাত্ ১০/১৫ জন অজ্ঞাতনামা যুবক ‘হায় হোসেন হায় হোসেন’ স্লোগান দিয়ে যাওয়ার পথে তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তাদের কাছে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা, ২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাপ্পির বুকের নিচে ডান পাশে ও ডান হাতের বাহুতে এবং পিঠে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে তারা। মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লে­ষণ করে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঐ চার জনকে গ্রেফতার করা হয়।