চট্টগ্রামে জীবিত ব্যক্তিকে মৃত উল্লেখ করায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

চট্টগ্রামে জীবিত এক যুবককে‘বন্দুকযুদ্ধে’ মৃত উল্লেখ করে মামলা থেকে বাদ দেয়ার অভিযোগে সিএমপির খুলশী থানার এসআই দীপংকর চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের এক উপ-কমিশনারকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমপির কমিশনার মো.মাহবুবুর রহমান।

জানা যায়,বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় ২০১৮ সালের ১ অক্টোবর আসামী জয়নালসহ অন্যরা দা, কিরিচ দিয়ে হামলা চালায় মামলার বাদি শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যের উপর।এই ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামী করে এবং জয়নালকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গত ডিসেম্বরে অভিযোগপত্র দেন এসআই দীপংকর চন্দ্র রায়। তিনি ঐ সময় বায়েজিদ থানায় কর্মরত ছিলেন। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জয়নাল নিহত হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে বলে এসআই অভিযোগপত্রে উল্লেখ করেছেন।