ডাক বিভাগের ডিজি সুুধাংশ শেখরকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২

প্রকল্প সম্পূর্ণ রূপে বাস্তবায়ন না করে শত কোটি টাকা আত্মসাৎ, প্রকল্পের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি, ভারতে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, ডাক বিভাগের পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণ রূপে বাস্তবায়ন না করে শত কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। ঐ প্রকল্পে সারা দেশের উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবরাহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবরাহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম হয়েছে। এসব দুর্নীতির অনুসন্ধানে এবং তার বিরুদ্ধে ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে এমন অভিযোগের অনুসন্ধানে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, শুধাংশু শেখর ভদ্র এর বিরুদ্ধে পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের কেনাকাটা, আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদরদপ্তর ভবন নির্মাণ ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সুধাংশ শেখরের বিরুদ্ধে তার নিজের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে অঢেল সম্পদ করার অভিযোগও রয়েছে।

ইত্তেফাক/এসি