মাদারীপুরের শিবচরে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এক নারীকে আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিবচর হেল্প ডেস্ক ফাউন্ডেশন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার কাদিরপুর মজিদ বেপারী কান্দি বিএম দেলোয়ার হোসেনের অফিসে ক্যান্সার আক্রান্ত নারীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয় সংগঠনের সদস্যরা।
এ সময় শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন বেপারী, কতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিএম মনোয়ার হোসেন বেপারী, জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, যুবলীগের অন্যতম নেতা মো. শাহালম বেপারী, স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তুষার বেপারীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তুষার বেপারী বলেন, ‘আমরা কিছু যুবক মিলে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তুলেছি। ইতিমধ্যে করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের কার্যক্রমে স্বতঃস্ফূর্ত হয়ে প্রবাসী যুবকেরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’
আরও পড়ুন: বনশ্রীতে দৃষ্টি আই হসপিটালের তৃতীয় শাখা উদ্বোধন
উল্লেখ্য, গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করার মানসিকতা নিয়ে শিবচর উপজেলার কুতুবপুরের কিছু যুবক ‘শিবচর হেল্প ডেস্ক ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। সংগঠনটির অফিস কুতুবপুর ফজলুল করিম বেপারী কান্দি সাহেব বাজারে অবস্থিত। ফেসবুকে কার্যক্রমের প্রচার প্রচারণা চলতে থাকলে স্থানীয় প্রবাসী যুবকেরাও যোগ দেয় সংগঠনে। করোনাকালীন সময়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তারা। প্রায় দেড় বছর ধরে ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত লিপি আক্তার নামের স্থানীয় এক দরিদ্র মহিলার খবর পেয়ে সংগঠনের সদস্যরা ছুটে যান তাদের বাড়িতে। খোঁজখবর নিয়ে ওই নারীর জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করতে শুরু করেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নগদ ৫০ হাজার টাকা তুলে দেন অসুস্থ লিপি আক্তারের হাতে।
ইত্তেফাক/এএএম
