বেগের আছে রীতি-নীতি
অতি বেগে ক্ষতি,
যেমন লেখালেখির বেলায়
দাড়ি কমা যতি।
পরিমিত কথা হলে
সবাই কথা শোনে,
লাগাম ছাড়া বললে কথা
ভয়ে প্রমাদ গোনে।
বেগের আছে নিয়ম-কানুন
হলে বাড়াবাড়ি
সড়ক ছেড়ে পাশের খাদে
উলটে পড়ে গাড়ি।
বেগের আছে শাসন বারণ
বেগ হলে খুব বেশি
মাথায় ওপর ঘোরায় ছড়ি
দাপট দেখায় পেশি।
বেগের আছে রীতি-নীতি
কেউ যদি না মানি
লোভের তোড়ে ভেসে গিয়ে
টানি জেলের ঘানি।
