আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

জুলাইয়ে কিছুটা কমার পর ফের মূল্যস্ফীতি ঊর্ধমুখী হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যানুযায়ী গেল আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৮ ভাগে। জুলাইয়ে এই হার ছিল ৫ দশমিক ৫৩ ভাগ। এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার কিছুটা কমে এলেও বেড়েছে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার। জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭০ ভাগ থাকলেও আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৮ ভাগ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমকি ২৮ ভাগ থেকে কিছুটা কমে ৫ দশমিক শূন্য ৫ ভাগে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যানুযায়ী, এক মাসের ব্যবধানে মোটা ও চিকন সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিপ্রতি দেড় থেকে আড়াই টাকার বেশি বেড়েছে চালের দাম। রাজধানীর বিভিন্ন স্থানে বেড়েছে চিনির দাম। এক মাসের ব্যবধানে মাছের দাম কিছুটা নিম্নমুখী হলেও বেড়েছে ডিম, আদা, সবজির দাম। বিবিএসের তথ্যানুযায়ী খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা শহর ও গ্রাম উভয় পর্যায়েই লক্ষ্য করা গেছে। গ্রাম ও শহরের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই মাসে গ্রামীণ অঞ্চলে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪৩ ভাগ হতে আগস্টে বেড়ে ৫ দশমিক ৬০ ভাগ হয়েছে। এসময় গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬৭ ভাগ হতে বেড়ে ৬ দশমিক শূন্য ৯ ভাগে দাঁড়িয়েছে। সেইসঙ্গে গ্রামীণ অঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৯৮ ভাগ থেকে কিছুটা কমে ৪ দশমিক ৭০ ভাগে দাঁড়িয়েছে।

অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার জুলাই মাসে ৫ দশমিক ৭২ ভাগ হতে আগস্টে বেড়ে ৫ দশমিক ৮১ ভাগে দাঁড়িয়েছে। এসময় শহরাঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭৬ ভাগ হতে বেড়ে ৬ দশমিক শূন্য ৬ ভাগ হয়েছে। একই সময়ে শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬৮ ভাগ হতে কিছুটা কমে ৫ দশমিক ৫১ ভাগে দাঁড়িয়েছে।