আগের কর্মদিবসে পতন হলেও গতকাল বুধবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৪২৪ কোটি টাকা বেশি হয়েছে।
জানা গেছে, গতকাল ডিএসইতে ডিএসইএক্স ২৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ২৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৭ দশমিক ৩৩, ১৭১৪ দশমিক ৬৫ ও ৯৯৯ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪২৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির বা ৪৫ দশমিক ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২ দশমিক ৮৫ শতাংশের এবং ৪২টি বা ১১ দশমিক ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১০৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৬ দশমিক ৮২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। গতকাল সিএসইতে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
