কালোটাকা

বিনিয়োগের এক মাসের মধ্যে কর না দিলে সুবিধা বাতিল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

চলতি বছর শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে ব্যাপকভাবে কালোটাকা বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। মাত্র ১০ শতাংশ কর দিয়ে যে কেউ কালোটাকা সাদা করার সুযোগ পাবেন। তবে বিনিয়োগের ৩০ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগকে এ বিষয়ে জানানো এবং ঐ করের ওপর কর দিতে হবে। কেউ যদি টাকা বিনিয়োগের ৩০ দিনের মধ্যে আয়কর বিভাগকে না জানান, সেক্ষেত্রে তার হ্রাসকৃত হারে কর দেওয়ার সুযোগ থাকবে না। অর্থাত্ তাকে সরকার নির্ধারিত পূর্বের হারে কর পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে করদাতার করহার দ্বিগুণ, তিন গুণ কিংবা আরো বেশিও বেড়ে যেতে পারে। আয়কর বিভাগের সম্প্রতি প্রকাশিত পরিপত্রে (ব্যাখ্যা) এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

ধরা যাক, কেউ শেয়ারবাজারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনুমোদিত শেয়ার কিংবা অন্য কোনো সিকিউরিটিতে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এক্ষেত্রে ১০ শতাংশ কর হিসেবে তার মোট করের পরিমাণ দাঁড়াবে ১ কোটি টাকা। শেয়ারবাজারে বিনিয়োগের এক মাসের মধ্যে তাকে সংশ্লিষ্ট কর অফিসে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ১ কোটি টাকার কর পরিশোধ করতে হবে; কিন্তু এই সময়ের মধ্যে তিনি কর অফিসকে জানাতে ব্যর্থ হলে কিংবা কর পরিশোধ না করলে এই সুযোগ বাতিল হয়ে এই বিনিয়োগের অর্থ ‘অন্যান্য খাতের’ আয় হিসেবে গণ্য করবে আয়কর বিভাগ। অন্যান্য খাতের আয়ের ওপর চলতি অর্থবছরে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ। আর গত অর্থবছর এই হার ছিল ৩০ শতাংশ।