মাস্ক ছাড়া দেখা গেল ন্যান্সি পেলোসিকে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতা ন্যান্সি পেলোসির মাস্ক ছাড়া ছবি দেখা গেছে। সানফ্রান্সিসকোর একটি হেয়ার সেলুনে তাকে মাস্ক ছাড়া দেখা যায়। সাম্প্রতিক সময়ে মাস্ক না পরার জন্য বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আসছেন পেলোসি। অথচ ট্রাম্পের মতো একই ভুল করলেন তিনিও।

গত জুলাই মাসে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সব সদস্যকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়। সে সময় স্পিকার পেলোসি হুঁশিয়ার করে দিয়েছিলেন, এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে অধিবেশনকক্ষ থেকে বের করে দেওয়া হতে পারে। পেলোসির একটি ফুটেজ প্রকাশ করেছে ফক্স নিউজ। সেখানে দেখা যায়, গত সোমবার একটি হেয়ার সেলুনের ভেতরে তিনি মাস্ক ছাড়া হেঁটে যাচ্ছেন। এর ফলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ যে বিধিনিষেধ আরোপ করেছে, তা ভঙ্গ করেন তিনি। পেলোসির পেছনেই ঐ সেলুনের একজন কর্মীকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।