দ্বিতীয় রাউন্ডে মারে-সেরেনা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

দারুণ এক লড়াই উপহার দিলেন ব্রিটেনের অ্যান্ডি মারে। প্রথম দুই সেট হেরে ইউএস ওপেন থেকে আগাম বিদায়ের শঙ্কায় ছিলেন। তবে, শেষ পর্যন্ত অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে হারিয়েছেন।

মারে উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। অপর দিকে নারী এককের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। তিনিও পেয়েছেন দ্বিতীয় রাউন্ডের টিকিট। স্বদেশি ক্রিস্টি আনকে সহজেই ৭-৫, ৬-৩ গেমে হারান ৩৮ বছর বয়সি সেরেনা। তবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তার বোন ভেনাস উইলিয়ামস। গ্র্যান্ডস্লামের এককে সাত বারের চ্যাম্পিয়ন ভেনাসকে ৬-৩, ৭-৫ গেমে হারান চেক রিপাবলিকের কারোলিনা মুচোভা। মারে-নিশিওকার লড়াইটা মঙ্গলবার রাতে চার ঘণ্টা ৩৯ মিনিট লম্বা হয়। ধ্রুপদি লড়াই শেষে ৪-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ৬-৪ গেমে জেতেন ৩১ বছর বয়সি মারে। অস্ত্রোপচারের পর এবারেই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লাম আসরের এককে খেলতে নামলেন তিনি। ২০১২ সালের এই ইউএস ওপেন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে কানাডার ফেলিক্স অজি-আলিয়াসিমের মুখোমুখি হবেন ২০১২ ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে।