চুক্তি বাড়ল নিউজিল্যান্ড কোচের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

নিউজিল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া কোচ গ্যারি স্টেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আরো তিন বছর কেন উইলিয়ামসনদের প্রধান কোচ থাকছেন স্টেড। এক বিবৃতিতে বুধবার ২০২৩ ভারত বিশ্বকাপ পর্যন্ত স্টেডের মেয়াদ বাড়ানোর কথা জানায় বোর্ড।

এই পথ চলায় আরো দুটি বিশ্বকাপ পাবেন তিনি। ২০২১ সালে ভারতে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হবে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, গত সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট প্যানেলের নেওয়া ইন্টারভিউর ওপর ভিত্তি করে স্টেডের সঙ্গে এই চুক্তি করেছে বোর্ড। ২০১৮ সালের আগস্টে মাইক হেসন আচমকা দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে নিয়োগ পান স্টেড। সাবেক এই ব্যাটসম্যানের কোচিংয়ে ভালো করেছে নিউজিল্যান্ড। ১৬ টেস্টের ৯টিতে জিতেছে তারা, হেরেছে পাঁচটি। টেস্ট র?্যাংকিংয়ে উঠেছে ২ নম্বরে, ওয়ানডেতে ৩ ও টি-টোয়েন্টিতে আছে ৬ নম্বরে। গত ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের খুব কাছে গিয়ে শেষ পর্যন্ত হয় রানার্সআপ। চুক্তি অনুযায়ী স্টেডের দায়িত্বের মেয়াদ এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল।