গৌরনদীতে এবার স্ত্রীর বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেছেন এক স্বামী। মঙ্গলবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন গৌরনদীর শরীফাবাদ গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মওদুদ আহমেদ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের আবুল হাসেমের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ চরআইরকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে নার্গিস ও তার পরিবারের লোকজন সিরাজের কাছে নগদ টাকা দাবি করেন এবং জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা ও জমি না দিলে সংসার করবে না বলে নার্গিস জানায়। সিরাজকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। নিরূপায় হয়ে সিরাজুল ইসলাম স্ত্রী নার্গিস আক্তার ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।
