বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অকৃত্রিম :তথ্যমন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা হয় না।’ গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের বিদায়ি সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী জানান, ‘এটা হাইকমিশনারের বিদায়ি সাক্ষাত্ ছিল এবং তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়ে দিল্লি যাচ্ছেন। তার এ পদোন্নতিতে আমার আন্তরিক অভিনন্দন।’ তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন ও তার প্রয়াণে আবারও গভীর শোক জানান। মন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি আজ বাংলাদেশেও প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে। তিনি বলেন, ‘ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে খুব সহসাই কাজ শুরু হবে। আমরা খুব শিগিগরই দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করব।’

রীভা গাঙ্গুলি বলেন, আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর এবং দুই দেশের সম্পর্ক অনেক প্রাচীন হলেও ২০২১ সালে কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর হবে। দুই দেশের অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। বৈঠক শেষে তথ্যমন্ত্রী ভারতের বিদায়ি হাইকমিশনারকে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক তিনটি গ্রন্থ ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা হস্তান্তর করেন এবং রীভা গাঙ্গুলিও মন্ত্রীর হাতে স্মৃতিস্মারক তুলে দেন।