২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় অভিযোগ গঠনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং যেসব নথিপত্র রয়েছে তাতে সবারই মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলোয় অভিযোগ গঠন করা হোক। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান জনাকীর্ণ আদালতে এ শুনানি গ্রহণ করেন।

এদিকে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার ১৩ আসামি। তাদের আইনজীবীরাও আবেদনের ওপর শুনানি শেষ করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর                 অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। ঐদিন বাকি ৯ আসামির অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপরও শুনানি হবে। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল এ মামলায় আটক ২২ আসামিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, হুজুর, আমিও ছাত্রলীগ করেছি। অহংবোধ ও নিজেদের বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করতে জোর-জুলুম করেছিল আসামিরা। জিজ্ঞাসাবাদের নামে আসামিরা বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতরাও বুয়েটের ছাত্র। এরা আবরারকে পানি পর্যন্ত পান করতে দেয়নি। এর চেয়ে জঘন্য ঘটনা আর কী হতে পারে।

রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। সবাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ মামলায় ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন, তিন জন পলাতক।

গানম্যান চেয়েছেন সমাজী

এদিকে নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী। আইন ও স্বরাষ্ট্রসচিব বরাবর এই আবেদনে তিনি বলেন, এটা একটি স্পর্শকাতর মামলা। আসামিরা প্রভাবশালী। এজন্য নিজের নিরাপত্তার স্বার্থে এ আবেদন করা হয়েছে।