খড়সংকট এখন প্রকট। দিশেহারা ছোটবড় গরুর খামারিরা। বর্তমানে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে আর খড় বিক্রি হচ্ছে ১২০০ টাকা মণ দরে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাইকিং করে বিক্রি হচ্ছে খড়। বোরো ধানের খড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে কৃষকের। আউশের আবাদ তেমন একটা হয় না এ উপজেলায়। যে কারণে খড়ের সংকট দেখা দেয়। কৈয়ারচালা গ্রামের তানিয়া তানফি ডেইরি ফার্ম পরিদর্শন করে দেখা গেছে, খড়সংকটে খামারের ১০টি গরুর মধ্যে পাঁচটি গরু বর্গা দিয়ে দিয়েছেন। বাকি পাঁচটি গরুর জন্য ১২০০ টাকা মণ দরে খড় কিনে খাবারের ব্যবস্থা করছেন। ঐ খামারের মালিকের স্ত্রী পারভিন আকতার জানান, আমন ধান উঠার আগ পর্যন্ত খড় কিনেই গরুগুলো পালন করতে হবে। তিন মাস চড়া দাম দিয়ে খড় কিনে খাওয়ালে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়বে। বাকতা গ্রামের আ. মতিন জানান, খড়সংকট মোকাবিলার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই করে খড় আসলেও দাম কমছে না। চড়া দাম দিয়ে মানুষ খড় কিনে গরুর খাবারের ব্যবস্থা করছেন।
