অবশেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বরখাস্ত হওয়া ওসি প্রদীপের দেখা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার বলেন, সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা।
এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্ত সংস্থা র্যাব বিভিন্ন সময় ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে সাক্ষাত্ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি। তারা ৭ আগস্ট পর্যন্ত সময় পেয়েছে প্রতিবেদন জমা দিতে।
