সিনহা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা সেনাপ্রধানের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬

সেনাবাহিনীর আর কাউকে যেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভাগ্য বরণ করতে না হয়, সেজন্য তার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারও সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করি।

ঘটনার তদন্তে সন্তুষ্ট কি না, জানতে চাইলে সেনাপ্রধান বলেন, ঘটনাটি তদন্ত হচ্ছে, এ ব্যাপারে কিছু বলা যাবে না। যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই জানে। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার দৃষ্টান্তমূলক         শাস্তি হতে হবে। এটা তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কীভাবে বলব, বলার সুযোগ নেই।

এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, কোনো ঘটনা ঘটলে কেউ না কেউ এটার আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল। হয়ত এখনো চেষ্টা করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বোঝে। যে ঘটনা ঘটেছে অবশ্যই অত্যন্ত নৃশংস ঘটনা, ন্যক্কারজনক ঘটনা। শুধু সেনাবাহিনীর পক্ষ থেকেই ঘৃণা জানানো হয়নি, পুলিশ প্রধানও সেদিন এসেছিলেন। তারাও সে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সকলেই এ ঘটনার জন্য মর্মাহত হয়েছেন। এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা কাঙ্ক্ষিত নয়।

সেনাবাহিনীর কোনো সদস্যের ‘অস্বাভাবিক’ কিছু ঘটলে নিজস্ব তদন্ত হয় জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেটা আমাদের ডিপার্টমেন্টাল প্রয়োজন। আমরাও সে ধরনের একটা তদন্তের নির্দেশ সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, তদন্ত হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে। এ তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও সমর্থন রয়েছে। এ তদন্ত দল সরকারকে যেটা উপযুক্ত মনে করবে তারা সুপারিশগুলো করবে। চট্টগ্রামের ভাটিয়ারিতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল আজিজ আহমেদ।