টানা চার দিন মৃত্যুহার একই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৭

দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৭৯তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছে। মঙ্গলবারও মৃত্যুর সংখ্যা ছিল একই। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৩৫১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ২ হাজার ৮৩৯ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ৪৫১ জন কম সুস্থ হয়েছে। মঙ্গলবার সুস্থ হয়েছিল ৩ হাজার ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ১১ হাজার ১৬ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৬ দশমিক ১০ শতাংশ।             আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ৩৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৬৩২ জন বেশি শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৯৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক শূন্য ১ শতাংশ বেশি। দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ।

 ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৩৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৯৮১ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩ হাজার ৭৫৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২০৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৯৯৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ১২ জন।