লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২৪

বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে চীনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। লাদাখে সংঘর্ষের জেরে অরুণাচল সীমান্তে সেনাসংখ্যা বৃদ্ধি করেছে ভারত। এছাড়া চীনকে মোকাবিলায় আরো ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নয়াদিল্লি নেপাল ও ভুটান সীমান্তেও নজরদারি বাড়িয়েছে। খবর আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকার

হিমালয়ের সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে তিব্বতি বংশোদ্ভূত ভারতীয় বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দুই মাসের বেশি আগে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর এই প্রথম আবার ভারতের সেনাবাহিনীর কারো মৃত্যু ঘটল। ভারত কিংবা চীন কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পরিস্থিতি মাথায় রেখেই চীনের সঙ্গে সমস্ত সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। এবার অরুণাচল প্রদেশ সংলগ্ন ইন্দো-চীন সীমান্তেও সেনা বাড়াতে শুরু করেছে ভারত। সেখানে সীমান্তসংলগ্ন আনজ জেলায় ইতিমধ্যে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। লাদাখের পরিস্থিতির সঙ্গে সেখানে সেনা বাড়ানোর কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন আনজের জেলা প্রশাসক আয়ুষী সুদান। ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, সেনার সংখ্যা নিশ্চিতভাবেই বেড়েছে। কিন্তু বহিঃশত্রুর আক্রমণ নিয়ে এখনো নিশ্চিতভাবে কোনো খবর মেলেনি। আয়ুষির কথায়, কেবল গালওয়ানের ঘটনার পর নয়, তার আগে থেকেই সেনাসংখ্যা বাড়ানো হচ্ছিল।

আরো চীনা অ্যাপ নিষিদ্ধ

প্রথম ধাপে টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পরেই ভারত জানিয়েছিল, নিষিদ্ধের তালিকায় রয়েছে মোট ২৫০টি চীনা অ্যাপ। পূর্ব লাদাখে ফের চীন অনুপ্রবেশের চেষ্টা চালাতেই এবার আরো ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই ধাপে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ ‘পাবজি’। ভারতে এই অ্যাপগুলো আর ডাউনলোড করা যাবে না। কাজ করবে না ডাউনলোড করা অ্যাপও। এ নিয়ে সব মিলিয়ে ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে।