কলেজছাত্র আবরার মৃত্যুর ঘটনা

প্রথম আলোর আনিসুল হকসহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এই আদেশ দেন। আনিসুল হক ছাড়া বাকি যাদের মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ গণমাধ্যমকে বলেন, আসামিরা হাজির না হলে বা গ্রেপ্তার করা না গেলে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাতেও কাজ না হলে তাদের পলাতক দেখিয়েই বিচার শুরু হবে। এর আগে নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল আলিম এ প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনটি আমলে নিয়ে গত ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অন্য পাঁচ আসামি জামিন নেন।

প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম আলোর মাসিক সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে ঐ মাঠেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় আবরার।