হাইকোর্ট বিভাগের দুই জন বিচারপতিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ঐ দুই বিচারক হলেন—বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত এই দুই জন বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ করেছেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। গতকাল বুধবার আইন মন্ত্রণালয় নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারক সংখ্যা গিয়ে দাঁড়াল আট জনে।
বিচারপতি তারিক উল হাকিম ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিচারপতি ওবায়দুল হাসান ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৩ ডিসেম্বর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঐ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন শেষে তাকে আবার হাইকোর্টে ফিরিয়ে আনা হয়।
