উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ১৪৪ কর্মকর্তা। গতকাল বুধবার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদের মধ্যে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদা থেকে উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার এক দিন পরেই যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৩৪ জন।
গত মঙ্গলবার প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডারের ২২০ কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদা) উপসচিব পদে পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরদিনই বুধবার তাদের মধ্যে ১৩৪ জনকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া ইকোনমিক ক্যাডার থেকে ২৫ শতাংশ কোটায় উপসচিব হওয়া ১০ জন কর্মকর্তাকেও যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি/জ্যেষ্ঠতা কার্যকরের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগে কোনো আর্থিক সুবিধাদি পাবেন না। তবে ইতিমধ্যে প্রাপ্ত সুবিধাদি বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
