অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৫ জন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫২

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। সাক্ষ্য প্রদানকারীরা হলেন—এসআই সুমন মিয়া, কনস্টেবল আলেয়া খাতুন, জীবনচন্দ্র এবং ফারুক হোসেন ও জনৈক দীপ্ত দাস। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রেখেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই মো. আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চার জনকে গ্রেফতার করে র্যাব। এরপর ২৩  ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।