করোনার মধ্যে পাটকল বন্ধ করা মড়ার ওপর খাঁড়ার ঘা :মেনন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫২

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনার সংক্রমণে মানুষ যখন উদ্বাস্তু তখন রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল বন্ধ করা দেওয়া মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির দাবি দিবসে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির মানববন্ধন কর্মসূচিতে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ফলে কেবল ৫০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীনই হননি; তাদের পরিবার-পরিজন অসহায় অবস্থায় পড়েছে। আদমজীর শ্রমিকদের মতো এদের অনেকেরই মরা ছাড়া কোনো উপায় থাকবে না। অন্যদিকে জাতি হারাবে ক্রমবর্ধিষ্ণু বিশ্ব পাটপণ্যের বাজার। রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলোকে লাভজনক করার জন্য স্কপ যে প্রস্তাব করেছিল, সরকার তা নিয়ে আলোচনাও করল না। ব্যক্তি উদ্যোক্তারা এখন পিপিপি নয়, এসব পাটকল ৯৯ বছরের জন্য ইজারা চাচ্ছেন। বিএনপি সরকার যা করতে পারেনি, এখন সেটাই বাস্তবায়ন হচ্ছে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু, তাপস দাস, শ্রমিক নেতা তপন সাহা প্রমুখ বক্তব্য রাখেন।