শপথের মধ্য দিয়ে কার্যকর  হলো আপিল বিভাগের ২ বিচারপতির নিয়োগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতি। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। 

শপথ নেয়া দুই বিচারক হলেন, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বুধবার সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত এই দু'জন বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হলো। এই নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারক সংখ্যা গিয়ে দাঁড়ালো আটজনে।

বিচারপতি তারিক উল হাকিম ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিচারপতি ওবায়দুল হাসান ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৩ ডিসেম্বর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন শেষে তাকে হাইকোর্টে ফিরিয়ে আনা হয়।


ইত্তেফাক/ইউবি