‘লগ্নি করতে এখন আর সিনেমা হলের চিন্তা করতে হয় না’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪

পরিচালক ইফতেখার চৌধুরী। এবার নতুন সিনেমা ‘মুক্তি’র মধ্য দিয়ে প্রযোজকের খাতাতে নাম লেখালেন তিনি। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিনেমা ঘোষণা দেন। আগামী মাসের শেষ থেকে শুরু করবেন শুটিং। নতুন সিনেমার প্রসঙ্গের পাশাপাশি সিনেমা অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

অনেকদিন পর আবারো নতুন সিনেমার ঘোষণা দিলেন। সিনেমার প্রসঙ্গ দিয়েই শুরু করতে চাই—

প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষ। অক্টোবরের শেষ থেকে শুটিং শুরু করবো। নারী কেন্দ্রিক একটি গল্প এটি। সাধারণত প্রাপ্ত বয়স্ক নারীদের সংগ্রাম পর্দায় উঠে আসে। আমি একজন কিশোরীর সংগ্রাম নিয়ে সিনেমাটি নির্মাণ করবো। ‘মুক্তি’ শিরোনামে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ রিপা।

 

সিনেমার বর্তমান বাজারে পরিচালক ও প্রযোজকরা ব্যবসায়িক ঝুঁকি এড়াতে স্টার কাস্ট করে থাকেন। সেই জায়গা থেকে নতুন মুখ নেওয়ার চ্যালেঞ্জটা কেন নিলেন?

সিনেমা মূল নায়ক হচ্ছে গল্প। গল্প মজবুত হলে দর্শক দেখবে এটা আমি বিশ্বাস করি। পাশের দেশে দেখেন, শাহরুখ খানের সিনেমায় এত বাজেট নিয়েও ফ্লপ করে। আর অন্যদিকে আয়ুষ্মান খুরানার সিনেমা কম বাজেটেই হিট। আর এই চরিত্রের জন্য আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে রাজ রিপা চরিত্রটির জন্য ঠিক আছেন।

 

যেহেতু এখন সিনেমা হলের সংখ্যা কমছে। এই সংখ্যক সিনেমা হল দিয়ে ব্যবসা করা কঠিন। মুক্তির ভিন্ন পরিকল্পনা করেছেন কি-না?

আসলে সিনেমায় লগ্নি করতে এখন আর সিনেমা হলের চিন্তা করতে হয় না। পুরো বিশ্বে ওটিটি প্লাটফর্মে সিনেমার জনপ্রিয়তা এখন অনেক। আমিও সিনেমাটি ওয়েব প্লাটফর্মে মুক্তি দিব। তবে মুক্তির সময় পরিস্থিতি বুঝে সিনেমা হলেও মুক্তি দেব। কারণ বড়পর্দায় সিনেমা সবাই দেখতে চায়।

 

আমাদের দেশে ওয়েব প্লাটফর্মে সিনেমা মুক্তির বাজার কতটা প্রস্তুত মনে করেন?

এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নয়। তবে তাদের সময় দিতে হয়। আরো বছর খানিক পর আশা করি ভালো একটা অবস্থা তৈরি হবে। কারণ আমাদের দর্শক কিন্তু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম দেখে অভ্যস্ত। তাদের ভালো প্রোডাকশন দিতে পারলে তারা দেখবে।

 

এবার এফডিসি প্রসঙ্গে আসি। সিনেমার উন্নতি নিয়ে চিন্তার চেয়ে এফডিসি কেন্দ্রিক সংগঠনগুলো নিজেদের অবস্থা নিয়ে বেশি চিন্তিত। আপনিও দুটি সংগঠনের সদস্য। এ নিয়ে কী বলবেন?

আসলে আমার মূল কাজ সিনেমা নির্মাণ। সেটি আমি করছি। এফডিসির পুরো সিস্টেম সুষ্ঠু হতে হবে। আর সাপোর্টিভ হবে সবার। একজন নির্মাতা ও প্রযোজক হিসেবে এটুকু আমার বলার।