ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রিক সমাধান প্রয়োজন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭

ইসরাইল-ফিলিস্তিন বিরোধ মেটাতে পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে কাতার। সে ক্ষেত্রে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারকে নিজেদের এ অবস্থানের কথা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সম্প্রতি ইসরাইল-আমিরাতের মধ্যে কথিত ঐতিহাসিক চুক্তি পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে অন্য আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক নিবিড় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বুধবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাত্ করেন জ্যারেড কুশনার। শেখ তামিম ট্রাম্পের জামাতাকে জানিয়েছেন, ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের সিদ্ধান্তেই অটল থাকবে কাতার। ওই সময় সিদ্ধান্ত হয়েছিল আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের দখল করা সব ভূমি ছেড়ে দেওয়ার পরেই। তবে এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ইসরাইল কোনো উদ্যোগই নেয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, শেখ তামিম-কুশনারের মধ্যে বৈঠকে কাতার-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তৃতীয় আরব দেশ। তাদের আগে মিশর ও জর্ডান ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে।